স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫
বিসিবির কাছে তামিম ইকবাল কিছুটা সময় চেয়েছিলেন। যদিও নানা সূত্রে জানা যাচ্ছিল, তিনি আর জাতীয় দলে ফিরবেনই না। গুঞ্জনই সত্য, তামিম আজ আরেকবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর জাতীয় দলের অধ্যায় চিরতরে শেষ।
আজ রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’
২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের মাঝপথে হতাশা আর অভিমানে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। এরপর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলেও তাঁর ফিটনেস এবং বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে নতুন করে জটিলতা তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা ঘটনার ঘনঘটায় শেষ পর্যন্ত সেটা আর হয়নি। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তামিম ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হতে পারেন, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে সব ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আর ফিরছেন না, এটাই এখন সত্যি।
তামিম লিখেছেন, ‘অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

