রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান নিজ হাতে প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছেন।
১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দলীয়ভাবে এই উদ্যোগ নেওয়া হয়।
রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এসব অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীদেরই পালন করতে হবে। এজন্যই আমরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। আমাদের নির্বাচনী (উল্লাপাড়া -সলঙ্গার) আসনের যেসব এলাকায় আমাদের পোস্টার টাঙানো হয়েছে, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে সেগুলো নামিয়ে ফেলছি।
এ সময় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

