ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

admin
নভেম্বর ১৩, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বুধবার হাইকোর্টে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না। কিন্তু তাকে জাতির পিতা বলে সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থী।’

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের দ্বৈত বেঞ্চে ১৫তম সংশোধনী বাতিলের রিটের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে। এই সংশোধনীর মাধ্যমেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সেই যুক্তি তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে, শত শত মানুষকে গুম করা, হত্যা করা, নির্বিচারে গায়েবি মামলা দেওয়া কিংবা তথা কথিত গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা।’

সংবিধানে দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন, ‘এর ফলে পাবর্ত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশি সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংশ করে বিভাজন সৃষ্টি করা হয়েছে।’

এরআগে গত ১৬ অক্টোবর বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা নিয়ে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই দিন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্তর্বর্তী সরকার ‘জাতির পিতা’ মনে করে না বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।