রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় অষ্টম স্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে শহরটির একিউআই স্কোর ১৭৭।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ৫৭৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম (বিপজ্জনক) অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ২২৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা।
এছাড়া তালিকায় যথাক্রমে ২১৩, ১৯৪, ১৮৭ স্কোর নিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বেইজিং, ইরাকের বাগদাদ ও চীনের উহান।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

