সৌদি আরব ওমরাহর ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। ভিসা ইস্যু করার তারিখ থেকে এ এক মাস গণনা করা হবে।
তবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে আল-অ্যারাবিয়া জানিয়েছে, হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে, তাতে কোনো পরিবর্তন করা হয়নি।
নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশি জন্য ওমরাহর ভিসা ইস্যু করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ বেশ বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় ইতিমধ্যে নতুন রেকর্ড হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, এ কারণে মন্ত্রণালয় ওমরাহ ভিসা–সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তবে তাঁর ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, ওমরাহ হজযাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

