এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ১৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
আজ বৃহস্পতিবার গ্রুপ ‘বি’তে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
প্রথমে ব্যাট করা হংকং ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে।
১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ও দলীয় ২৪ রানে পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ইমন ১৪ বলে ২টি চার ও একটি চারে ১৯ রান করে আউট হন। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান ১৪ রান করে মাঠ ছাড়েন।
অধিনায়ক লিটন দাস শেষ দিকে আউট হলেও দলের জয় প্রায় নিশ্চিত করে যান। তিনি ৩৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৯ রান করেন। তাওহীদ হৃদয় ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
হংকং ইনিংসে দলীয় ৭ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। অংশুমান রাঠকে ৪ রানে ফেরান তাসকিন আহমেদ। এরপর পঞ্চম ওভারে বাবর হায়াতকে ১৪ রানে বোল্ড করেন তানজিম হাসান সাকিব।
এর আগে হংকং ইনিংসে সর্বোচ্চ রান করেন নিজাকাত খান। ৪০ বলে ৪২ রান করা এই ব্যাটারকে ফেরান রিশাদ হোসেন। আর ওপেনার জিশান আলী ৩৪ বলে ৩০ রান করে তানজিম সাকিবের দ্বিতীয় শিকান হন। এছাড়া ১৯ বলে ২৮ রান করে রান আউট হন অধিনায়ক ইয়াসিম মুর্তজা।
বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন তাসকিন, তানজিম ও রিশাদ।
বাংলাদেশের একাদশে: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
হংকং একাদশ: জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।

