ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ী ম্যাচে জোড়া গোল মেসির, সহজ জয় আর্জেন্টিনার

admin
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫,

২০২৬ বিশ্বকাপের টিকেট অনেক আগেই নিশ্চিত হওয়ায় কার্যত আর্জেন্টাইনদের কাছে ম্যাচটির তেমন একটা গুরুত্ব ছিল না। তবে, দুদিন আগে মেসি যখন আনুষ্ঠানিকভাবে জানালেন এটাই হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে তার শেষ, তখন ম্যাচটা হয়ে উঠল গুরুত্বপূর্ণ এবং বিশেষ।

বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। তাতে তার দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর মধ্য দিয়ে ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি।

পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্জেন্টিনা প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করে। প্রথম গোলটি আসে মেসির পা থেকেই।

ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন মেসি। তবে সময় যত গড়িয়েছে, মেসি ততটাই স্বরূপে ফিরেছেন। ৩৯তম মিনিটে মনুমেন্টালে হাজির ৮০ হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান এলএমটেন। হুলিয়ান আলভারেজের পাস থেকে বাম পায়ে প্রথমে বলটাকে নিজের আয়ত্বে নেন মেসি, এরপর দারুণ এক চিপে বলটা জড়ান জালে।

এরপর প্রথম হাফে আরও কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো। মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ৭৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ।

৮০তম মিনিটে আবারও মেসির গোল। আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। ৮৯তম মিনিটে আরেকটি গোল করেছিলেন তিনি। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।

দেশের মাটিতে দলের সেরা তারকার শেষটা উজ্জ্বল করতে তার সতীর্থরাও নিজেদের মেলে ধরলেন। ফলাফল-প্রতিপক্ষ ভেনেজুয়েলা তেমন কোনো লড়াইয়ের সুযোগই পেল না। ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। যেখানে ভেনেজুয়েলা নিতে পারে মাত্র পাঁচটি শট, এর কোনোটিই ছিল না লক্ষ্যে।

২০ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। দিনটা ছিল ২০০৫ সালের ৯ অক্টোবর। প্রায় দুই দশক পর এই একই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের শুরুটা করলেন মেসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।