ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোনো সন্দেহ নেই, ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

admin
আগস্ট ২৬, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৬ আগস্ট ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘ন্যূনতম কর নিয়ে অনেক কথা হয়েছে। কোনো সন্দেহ নেই, ন্যূনতম কর একটা কালাকানুন। এটা স্বীকার করতেই হবে। বিজনেসে কর হবে মুনাফার ওপর। তা না করে মিনিমাম কর নির্ধারণ করছি। সমস্যা হচ্ছে, এগুলো ঠিক করতে গেলে আমাদের কর আহরণ কমে যাবে। যখন আমরা মোটামুটি সিস্টেমে চলে আসব, তখন ওই বাস্তবায়ন করতে পারব।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘করপোরেট কর এবং ভ্যাটে সংস্কার: এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক মো. তামিম আহমেদ।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এ বছর আমরা চেষ্টা করেছি প্রচুর ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে। আসলে ব্যবসায়ীদের সহজ করে না দিলে রাজস্ব আহরণ কঠিন হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা অনেক করছাড় দিয়েছি। কারণ, আমাদের বড় দেশ। আমাদের অনেক কর্মিবাহিনী। তাদের কর্মসংস্থান দিতে হবে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বলছি, আসেন, কর দিতে হবে না। করছাড়ের পরিমাণ এতই ব্যাপক হয়েছে যে কোনোভাবেই কর-জিডিপি অনুপাত বাড়াতে পারছি না।’

মো. আবদুর রহমান বলেন, ‘ট্যাক্স হলিডে, ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হলে দেশের জনগণ চিন্তা করে— এ খাতকে সাত বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে, তারা গ্রো করছে, অষ্টম বছর থেকে তারা রাজস্ব দেবে, কিন্তু দেখা গেছে, ৪০ বছরেও রেভিনিউয়ে আসেনি। আবার ছাড়, আবার ছাড়— এগুলো আমরা ধারাবাহিকভাবে করে আসছি। এই ধরনের করছাড় সংস্কৃতিতে চলে গেছি। তাহলে কর-জিডিপি অনুপাত কীভাবে বাড়বে?’

তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের দরকার, আমরা যে পরিমাণ ঋণ করছি, আমাদের পরবর্তী প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি, যদি আমরা যথেষ্ট রাজস্ব সংগ্রহ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে।  পাকিস্তানের কর-জিডিপি অনুপাত ১২ দশমিক ২, আর আমাদের গত বছর ছিল ৭ দশমিক ৪, এবার আরও কমে গেছে, ৬ দশমিক ৬ হয়ে গেছে। এটা দিয়ে সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষ যে ধরনের উন্নয়ন চায় বা রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের টাকা দরকার, আমাদের ইতিমধ্যে অনেক বেশি ঋণ হয়ে গেছে, সেই ঋণের টাকা শোধ দেওয়া ও সুদ পরিশোধ করা— দুটোই বড় রকমের চ্যালেঞ্জ হয়ে গেছে। এটার জন্য কর-জিডিপি বাড়াতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।