ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থী জারিফের পর চলে গেলেন অফিস সহায়ক মাসুমা

admin
জুলাই ২৬, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৬ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজন মৃত্যুবরণ করেছেন। তার নাম মাসুমা (৩২), তিনি একজন অফিস সহায়ক (আয়া) ছিলেন।

আজ শনিবার সকাল সোয়া ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ সকাল ৯টা ১০ মিনিটে জারিফ ফারহান (১৩) নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।

মাসুমা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আবাসিক অফিসার ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ১৭ জনের মৃত্যু হলো। এখনো ভর্তি আছেন ৩৮ জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন।’

মৃত মাসুমার স্বামী মো. সেলিম জানান, মাইলস্টোন স্কুলের আয়ার কাজ করতেন তার স্ত্রী। তিনি নিজে একটি বায়িং হাউজে চাকরি করেন। তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তার বাবার নাম আবুল কাশেম। এক ছেলে এক মেয়েকে নিয়ে তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকতেন তারা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের ৪০ জন এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।