‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে একটি রিট আবেদনে হাইকোর্টের রুল জারির পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজে কখনো এই ধরনের কোনো স্বীকৃতি চাননি এবং সরকারেরও তাকে এমন কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা নেই। আজ মঙ্গলবার (১৫ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ আদালতের ওই রুলের অনুলিপি হাতে পাওয়ার পর যথাযথ সময়ে এর জবাব দেওয়া হবে।
অনলাইন ডেস্ক
বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকার মনে করে, রিট আবেদনটি রিটকারী নিজ উদ্যোগেই করেছেন। কোন ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, তা অস্পষ্ট বলেও জানানো হয় বিবৃতিতে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
