সত্য সমাচার ডিজিটাল
৩০ মে ২০২৫
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন বিভিন্ন হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার (৩০ মে) সকাল ১০টা পর্যন্ত হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার র্যাব-১৩ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ঈদ উপলক্ষে চেতনানাশক মেশানো হালুয়া খাইয়ে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে টাকা ও সম্পদ লুট করার পরিকল্পনায় ছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ একযোগে অভিযান চালিয়ে চক্রটির ১১ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের অজ্ঞান পার্টির মূলহোতা মো. ইমরান খান (৩৫), রাজবাড়ীর আব্দুল সাদেক শেখ (২৫), টাঙ্গাইলের আব্দুল লতিফ (৫৬), সিরাজগঞ্জের মো. খসরু আহমেদ (৪৬), গাইবান্ধার মো. জয়নাল আবেদীন (৪৫), মুন্সিগঞ্জের মো. মহিবুল (৪৫), চাঁন শরীফ ব্যাপারী (৬২) ও মো. রিপন (৫৫), মানিকগঞ্জের আব্দুস সালাম (৪০), জামালপুরের আজাহার উদ্দিন (৬২) এবং কুষ্টিয়ার রেজাউল ইসলাম (৫৫)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৫০টি চেতনানাশক ট্যাবলেট, চেতনানাশক মেশানো প্রায় ১০টি কৌটায় রাখা হালুয়া, পলিথিন ব্যাগে ১৭ পিস চেতনানাশক হালুয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের মূলহোতা মো. ইমরান খান স্বীকার করেন, তার দিকনির্দেশনায় অন্যান্য সদস্যরা বিভিন্ন গরুর হাটে এ অপকর্ম চালিয়ে আসছিল। শুক্রবার দিনাজপুরের আমবাড়ী গরুর হাটে অপারেশন চালানোর পরিকল্পনাও ছিল তাদের।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত প্রতিটি সদস্যের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

