সংবাদ বিজ্ঞপ্তি
১৮ মে ২০২৫
সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত বছর ঝড়েছে সাড়ে ৮ হাজারেরও বেশি তাজা প্রাণ, যা আগের বছরের চাইতে ৮ দশমিক ১১ শতাংশ বেশি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহতদের ১ হাজার ৮৭৯ জনই ছিলেন পথচারী। এই তথ্য প্রমাণ করে আমাদের সড়কে নিরাপদে হাঁটা এবং সাইকেল চালনার জন্য অবকাঠামো গড়ে তোলা কতোটা জরুরি।
নিরাপদ সড়কের দাবি নিয়ে ১২ থেকে ১৮ই মে ২০০৫ তারিখে অষ্টম জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করেছে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি। এ উপলক্ষ্যে মানব বন্ধন ও র্যালিসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ বছর সড়ক নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রিট ফর লাইফ- মেক ওয়াকিং সেইফ, মেক সাইক্লিং সেইফ (জীবনের জন্য সড়ক – নিরাপদে হাঁটা ও সাইকেল চালানো নিশ্চিত করুন)’।
সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাক ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে গত শুক্রবার ঢাকার হাতিরঝিলে এক র্যালির আয়োজন করে। অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে র্যালিটি ঝিলপাড় পার্কে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, নীতিনির্ধারক এবং উন্নয়ন সহযোগীরা এতে অংশ নেন। বিআরটিএ চেয়ারম্যান মো: ইয়াসীন র্যালির নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম এবং ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন।

