ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ

admin
মে ৫, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৫,

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জয়ের পর কীর্তি অর্জন করেন এই অলরাউন্ডার। যেখানে এপ্রিল মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

আইসিসি আজ সোমবার গত মাসের সেরার লড়াইয়ে মনোনয়ন পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে। নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকার তিন জন হলেন- ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও রেকর্ড গড়া বোলিং করেন মিরাজ। প্রতিপক্ষের প্রথম ইনিংসে শেষের ৫ উইকেট একাই নেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে আঘাত হানেন টপ অর্ডারে, চমৎকার বোলিংয়ে সেবারও তার শিকার ৫ উইকেট।

অভিজ্ঞ অফ স্পিনার তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান। যেখানে দেশের আর কারও নেই এই কীর্তি। বাংলাদেশের হয়ে ম্যাচে দুবার করে ১০ উইকেট নিতে পেরেছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ১০৪ রানের ইনিংস খেলে দলকে লিড এনে দেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (দুই বার) ও সোহাগ গাজীর। আর একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার তিনি।

মাসের সেরা দুই ক্রিকেটার আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয়। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।