নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রাস্তার পাশ থেকে তিনজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মিঝিমিঝি পশ্চিমপাড়ার পুকুরপাড় সংলগ্ন আমির হোসেনের বাড়ির রাস্তার পাশ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় মৃত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মৃতরা মিঝিমিঝি পশ্চিমপাড়ার পুকুরপাড় এলাকার স্থানীয় বাসিন্দা। গত চারদিন যাবৎ তারা নিখোঁজ ছিলেন। আজ দুপুরে নিজ বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
মৃত দুবোনের বড় বোন শিরিন বলেন, ‘আমরা বোনের বাবা-মা হারা। লামিয়া প্রেম করে ইয়াছিনকে বিয়ে করে। তাদের ঘরে একটি সন্তানও আছে। অন্যদিকে স্বপ্না ছিল মানসিক ভারসাম্যহীন। গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিল। আজ এসে দেখি আমার বোনের লাশ পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারে প্রায়ই সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে

