ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি বলেন, ‘ভবনটি থেকে এখন পর্যন্ত আমরা দুজনকে জীবিত উদ্ধার করেছি ‘ তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, জামান টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ওই সময় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ১৩টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানাতে পারেননি রাকিবুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।