ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

admin
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫

মুসলিম জাতির হেদায়েত কামনার মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত।

আজ রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত হওয়া মোনাজাত মঞ্চ থেকে এই মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ তাৎপর্যপূর্ণ আজকের এই মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।

আখেরি মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পেতেছেন খোদাপ্রেমী এসব মানুষ।

এর আগে এদিন বাদ ফজর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন।

উল্লেখ্য, প্রথম পর্ব শেষ হওয়ার আট দিন পর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব, যা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

প্রসঙ্গত, বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। দিন দিন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের হাজি ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত আয়োজন হয় বিশ্ব ইজতেমার। বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতকে কেন্দ্র প্রতি বছর ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভীড় জমান তুরাগ তীরে। কানায় কানায় ভরে উঠে পুরো টঙ্গী এলাকা। অনেকে আগের রাত থেকেই ময়দানের আশপাশে অবস্থান নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।