স্টাফ রিপোর্টার
২০ জানুয়ারি ২০২৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান থাকছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ কোটা শুধু মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না।
এমনকি আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে বলেও জানানো হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মেডিকেল কলেজের ২০২৪-২৫ সালের এমবিবিএস ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। এ কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন ইতোমধ্যে মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে।

