ঢাকা১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক

admin
অক্টোবর ১১, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

১১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

গোলাম পরওয়ার আরও বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। নিরপরাধ মানুষের জীবনহানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে।

আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, সৌদি আরবে বসবাসরত ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ সরকারের প্রতি নিহতদের লাশ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।