ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। থবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

