ঢাকা৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অল্প উপকরণে ঘরেই তৈরি করুন ওরিয়ো ও বাটার স্কচ আইসক্রিম

admin
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬

গরমের দিনে ঠান্ডা আইসক্রিম খেতে কে না পছন্দ করেন! তবে দোকান থেকে কিনে আনার বদলে চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন পছন্দের স্বাদের আইসক্রিম। এর জন্য খুব বেশি উপকরণও প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে ওরিয়ো ও বাটার স্কচ দুই ধরনের সুস্বাদু আইসক্রিম।

ওরিয়ো আইসক্রিম

উপকরণ

ফ্রেশ ক্রিম – ২৫০ গ্রাম

ওরিয়ো বিস্কুট – ৯-১০টি

কনডেন্সড মিল্ক – আধা কাপ

প্রণালি

প্রথমে যে পাত্রে আইসক্রিম তৈরি করবেন, সেটি প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিন। এরপর ঠান্ডা পাত্রে ফ্রেশ ক্রিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। ক্রিম কিছুটা ঘন হয়ে এলে এতে কনডেন্সড মিল্ক দিয়ে আবার ফেটিয়ে নিন। মিশ্রণটি ক্রিমি ও মসৃণ হয়ে গেলে ওরিয়ো বিস্কুটগুলো হাতে ভেঙে এর মধ্যে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটি আইসক্রিম মোল্ড বা ঢাকনাযুক্ত পাত্রে ঢেলে দিন। সারারাত ফ্রিজে রাখলেই জমে যাবে সুস্বাদু ওরিয়ো আইসক্রিম।

বাটার স্কচ আইসক্রিম

উপকরণ

ফুল ফ্যাট দুধ – ২৫০ মিলি

ফ্রেশ ক্রিম – ১০০ মিলি

বাটার স্কচ সস – ২ টেবিল চামচ

বাটার স্কচ এসেন্স – ২ ফোঁটা

কনডেন্সড মিল্ক – ২ টেবিল চামচ

বাটার স্কচ ক্রাঞ্চ – ১ টেবিল চামচ

প্রণালি

প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা গরম করে নিন। এর মধ্যে বাটার স্কচ সস, বাটার স্কচ এসেন্স ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। অন্য একটি ঠান্ডা পাত্রে দুধের মিশ্রণ ও ফ্রেশ ক্রিম একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি ঘন ও মসৃণ হলে এতে বাটার স্কচ ক্রাঞ্চ দিয়ে মিশিয়ে দিন। সবশেষে মিশ্রণটি আইসক্রিম মোল্ডে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন জমে গেলেই পরিবেশন করতে পারবেন ঘরোয়া বাটার স্কচ আইসক্রিম।

একই পদ্ধতি অনুসরণ করে তৈরি করা যায় আরও নানা স্বাদের আইসক্রিম। যেমন-

চকোলেট আইসক্রিম: ওরিয়োর পরিবর্তে চকোলেট সস ও চকো চিপস ব্যবহার করতে পারেন।

ভ্যানিলা আইসক্রিম: বাটার স্কচ এসেন্সের বদলে ভ্যানিলা এসেন্স যোগ করলেই তৈরি হবে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম।

কফি আইসক্রিম: মিশ্রণে অল্প ইনস্ট্যান্ট কফি যোগ করে তৈরি করতে পারেন কফির স্বাদের আইসক্রিম। চাইলে ম্যাপেল সিরাপও ব্যবহার করা যায়।

ফলের আইসক্রিম: আম, স্ট্রবেরি কিংবা পছন্দের অন্য কোনো পাকা ফলের পিউরি ক্রিমের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ফলের আইসক্রিম।

আইসক্রিমের মিশ্রণ ভালোভাবে ফেটানো গুরুত্বপূর্ণ। হাতে ফেটাতে সময় ও পরিশ্রম বেশি লাগলে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। এতে মিশ্রণ দ্রুত ও সহজে ঘন করা যাবে এবং আইসক্রিমের টেক্সচারও ভালো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।