ঢাকা২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

admin
আগস্ট ২৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

২৪ আগস্ট ২০২৬

বিএনপির ৪৮ বছরের ইতিহাসে প্রথমবার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কোনো নেতা দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দায়িত্ব পাওয়ার পর গত ২০ আগস্ট থেকে দলটির সাবেক ও বর্তমান তরুণ নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আজ সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শেরে-ই বাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সেই উৎসাহ-উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটে।

এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীরা আসতে থাকেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত সাইফুল আলম নিরবও বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

দুপুর ১২টার দিকে রুহুল কবির রিজভী শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রিয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারম্যান আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের কর্তব্য হবে দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, তা যাতে সুসম্পন্ন ও সুসংগঠিত এবং সুন্দরভাবে নিষ্পন্ন করা যায় আমরা সেই চেষ্টা করব।’

রুহুল কবির রিজভী বলেন, ‘দলের নেতাকর্মীদের বলব, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে বসেছে ও সরকার গঠন করেছে। জনগণের স্বার্থে, তাদের মানবকল্যাণে এবং সামাজিক সুরক্ষাসহ কাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি এবং তা বাস্তবায়নে যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলো সুচারুভাবে বাস্তবায়ন করা হবে। এবং ক্ষমতাসীন একটি রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে সেটা জনগণকেও অবহিত করা হবে। পাশাপাশি জনগণের সঙ্গে তারা সম্পৃক্তও থাকবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দলের নেতাকর্মীরা যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে কেউ যদি অনৈতিক চিন্তাও করেন তাহলে কিন্তু তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, সরকারের যেসব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছেন।’

রিজভী বলেন, ‘জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কাজ করবে না। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি আজ জনগণের কাছে জনপ্রিয় কেন? কারণ এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও তার সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘তারা নারীর ক্ষমতায়ন, দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোই আজ জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। এখন তার সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ এবং তার কিছু কর্মসূচি যেটি জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। দলের নেতাকর্মীরা সেই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করব। আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব। এতে জনগণের কাছে আমাদের দলের বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সারাদেশের নেতাকর্মীদের মধ্যে হয়ত দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা, যাতে তারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন।’

এসময় বিএনপি নেতা আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, আমিরুল ইসলাম খান আলীম, মাহবুবুর রহমান নান্নু, মুনীর হোসেন, রফিকুল আলম মজনু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল কাদির ভূইয়া জুয়েল, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, ফজলুর রহমান খোকনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।