ঢাকা২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস, তাপমাত্রা কমতে পারে

admin
আগস্ট ২১, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। আজও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া দেখা দিতে পারে। দেশের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির কারণে সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুধু আজ নয়, আগামী কয়েক দিনও বৃষ্টির প্রবণতা থাকার পূর্বাভাস রয়েছে। ২২ ও ২৩ আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এরপর ২৪ ও ২৫ আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এরপরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৬৬ মিলিমিটার । এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলসিলেটে, ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি পর্যায়ে রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।