ঢাকা২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীর গাড়ি চালানো কি জায়েজ, ইসলাম কী বলে?

admin
আগস্ট ২০, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম ডেস্ক
২০ আগস্ট ২০২৬

ইসলাম একটি বাস্তবমুখী ও সর্বজনীন জীবনব্যবস্থা, যেখানে মানুষের বাস্তব প্রয়োজন ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান যুগের প্রাত্যহিক জীবনে যানবাহন একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে। পুরুষের মতো নারীর জন্যও স্বাভাবিকযানবাহনে যাতায়াত ও চলাচল করা বৈধ। তবে চলাফেরার ক্ষেত্রে নারীর নিরাপত্তা, শালীনতা এবং সঙ্গে মাহরাম থাকার বিষয়টির ওপর ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে যানবাহনে চড়ে যাতায়াত করা যেমন নারীর জন্য বৈধ, তেমনি প্রয়োজনীয় শর্ত ও ইসলামী বিধান মেনে নারীর গাড়ি চালানোও বৈধ।

ইসলামের প্রারম্ভিক যুগে নারীদের বাহন চালনার সুনির্দিষ্ট নজির রয়েছে। রাসুলুল্লাহর (সা.) স্ত্রীগণ এবং নারী সাহাবিগণও উট চালিয়েছেন। উটের পিঠে চড়ে সফর ও যাতায়াত করেছেন। এ প্রসঙ্গে সহিহ হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, উষ্ট্রারোহী নারীদের মধ্যে কোরায়শের নেক নারীগণই সর্বোত্তম। তারা সন্তানের প্রতি শৈশবে খুব স্নেহশীল, স্বামীর সম্পদের উত্তম হেফাজতকারী। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

যেহেতু নারীদের বাহন হিসেবে উট বা ঘোড়া চালনার অনুমতি ছিল এবং তাতে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই যুগের বিবর্তনে যাতায়াতের মাধ্যম হিসেবে গাড়ি চালনাও শরিয়তের এই মূলনীতির আওতাভুক্ত। সমসাময়িক কিছু আলেম বর্তমান পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় যে সতর্কতা বা নিষেধাজ্ঞা আরোপ করে থাকেন, তা মূলত বিশেষ প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নারীর গাড়ি চালানোর ক্ষেত্রে শরিয়তের বিধানগুলো যেন লঙ্ঘিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে:

১. পর্দা ও শালীনতা রক্ষা

গাড়ি চালানোর সময় হিজাব ও পর্দার বিধান মেনে চলতে হবে। অশালীন পোশাক পরিধান করে গাড়ি চালানো যাবে না।

২. গায়রে মাহরামের সঙ্গে নির্জনতা বর্জন

গাড়িতে কোনো গায়রে মাহরামের (যাদের সঙ্গে বিবাহ বৈধ) সঙ্গে যেন নির্জন অবস্থান তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩. দূরপাল্লার সফরে মাহরামের উপস্থিতি

দৈনন্দিন সাধারণ যাতায়াতের ক্ষেত্রে শহর বা লোকালয়ের ভেতরে একা গাড়ি চালানোয় কোনো বাধা নেই। তবে যাত্রাটি যদি ইসলামি শরিয়ত নির্ধারিত ‘সফর’-এর সীমানায় (প্রায় ৭৭ কিলোমিটার বা ৪৮ মাইল) পৌঁছে যায়, তবে সঙ্গে কোনো মাহরাম (যার সঙ্গে স্থায়ীভাবে বিবাহ হারাম, যেমন বাবা, ভাই, স্বামী, ছেলে) অভিভাবক থাকতে হবে।

সুতরাং, ইসলাম নারীকে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখার পক্ষে নয়, বরং সম্মান ও নিরাপত্তা অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় দায়িত্ব পালনের সুযোগ দেয়। তাই শরিয়তের পর্দা বজায় রেখে, পরপুরুষের সঙ্গে নির্জনতা পরিহার করে এবং দূরপাল্লার ক্ষেত্রে মাহরাম সঙ্গী রাখার শর্ত মেনে কোনো নারী গাড়ি চালালে তা ইসলামি দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ ও প্রশংসনীয়। এর মাধ্যমে একদিকে যেমন আত্মনির্ভরশীলতা প্রকাশ পায়, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়িয়ে নিরাপদে পথচলাও সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।