স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, এটি পারস্পরিক আস্থা ও নিরাপত্তারও সম্পর্ক। একজন জীবনসঙ্গী যখন তার ব্যক্তিগত দুর্বলতা, পারিবারিক সমস্যা কিংবা একান্ত কোনো কথা অন্যজনের সঙ্গে ভাগ করেন, তখন তার পেছনে থাকে বিশ্বাস। এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা দুজনেরই দায়িত্ব। ইসলামে বিশেষ করে স্বামী-স্ত্রীর একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। কারণ দাম্পত্য জীবনের ব্যক্তিগত বিষয় ছড়িয়ে দেওয়া শুধু সম্পর্কের ক্ষতি করে না, এটি আমানতের খেয়ানতেরও শামিল হতে পারে।
দাম্পত্যের গোপন কথা ফাঁসের ব্যাপারে কঠোর সতর্কতা
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে সেই ব্যক্তি থাকবে, যে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর তার গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করে। (সহিহ মুসলিম: ১৪৩৭)
অন্য বর্ণনাতেও স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ বিষয় প্রকাশ করাকে গুরুতর অপরাধ হিসেবে সতর্ক করা হয়েছে। এ থেকে বোঝা যায়, দাম্পত্যের ব্যক্তিগত বিষয়কে হালকা করে দেখার সুযোগ নেই। জীবনসঙ্গীর কাছ থেকে জানা কোনো গোপন কথা তার অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া বিশ্বাসের অপমান।
কোরআনে স্বামী-স্ত্রীকে ‘পোশাক’ বলা হয়েছে
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্কের একটি সুন্দর উপমা দিয়েছেন। বলা হয়েছে, ‘তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক।’ (সুরা আল-বাকারা: ১৮৭)
পোশাক যেমন মানুষের শরীর ঢেকে রাখে এবং তাকে সুরক্ষা দেয়, তেমনি জীবনসঙ্গীরও উচিত একে অপরের দুর্বলতা ও ব্যক্তিগত বিষয় আড়াল করা। তাই গোপনীয়তা বলতে শুধু স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কের কথা বোঝায় না। ব্যক্তিগত আলাপ, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সংকট, মানসিক দুর্বলতা কিংবা জীবনসঙ্গী বিশ্বাস করে বলা কোনো কথাও এর মধ্যে পড়ে।
রাগের সময়ও সীমা অতিক্রম করা যাবে না
দাম্পত্য জীবনে মতবিরোধ বা ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। কখনো রাগ বা অভিমানের কারণে মানুষ এমন কথাও বলে ফেলেন, যা পরে অনুশোচনার কারণ হয়। অনেকে আবার নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করতে বন্ধু, আত্মীয় বা পরিচিতদের কাছে সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা তুলে ধরেন। এতে হয়তো সাময়িকভাবে নিজের মন হালকা হয়, কিন্তু সম্পর্কের ওপর এর প্রভাব মারাত্মক হতে পারে। কারণ একবার কোনো ব্যক্তিগত কথা অন্যের কাছে চলে গেলে সেটি আর সহজে ফিরিয়ে নেওয়া যায় না। এতে জীবনসঙ্গীর সম্মান নষ্ট হওয়ার পাশাপাশি সম্পর্কের বিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়।
সমস্যা হলে কি কারও পরামর্শ নেওয়া যাবে?
দাম্পত্য জীবনে গুরুতর সমস্যা দেখা দিলে সমাধানের জন্য বিশ্বস্ত মানুষের সাহায্য নেওয়া ইসলাম নিষেধ করেনি। তবে উদ্দেশ্য হতে হবেসমাধান, সঙ্গীকে অপমান করা নয়। পবিত্র কোরআনে দাম্পত্য বিরোধ মীমাংসার জন্য উভয় পরিবারের পক্ষ থেকে একজন করে সালিশ নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা যদি উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো।’(সুরা আন-নিসা: ৩৫)
অর্থাৎ প্রয়োজন হলে বিশ্বস্ত অভিভাবক, অভিজ্ঞ আলেম বা বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নেওয়া যেতে পারে। তবে সমস্যার সমাধানের জন্য যতটুকু তথ্য প্রয়োজন, শুধু ততটুকুই প্রকাশ করা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি সতর্কতা প্রয়োজন
বর্তমান সময়ে দাম্পত্যের ব্যক্তিগত বিষয় প্রকাশের ঝুঁকি আরও বেড়েছে। রাগের মাথায় কেউ ফেসবুকে পোস্ট দেন, কেউ আবার নাম প্রকাশ না করে নিজের সংসারের ঘটনা লিখে ফেলেন। আবার অনেকে ব্যক্তিগত চ্যাট, ছবি বা কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন। এ ধরনের তথ্য মুহূর্তেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একবার অনলাইনে ছড়িয়ে পড়লে সেটি অন্যরা সংরক্ষণ বা পুনরায় প্রকাশও করতে পারে। তাই স্বামী-স্ত্রীর বিরোধকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে যাওয়ার পরিবর্তে ব্যক্তিগতভাবে সমাধানের চেষ্টা করাই নিরাপদ ও দায়িত্বশীল আচরণ।
গোপনীয়তা রক্ষা আসলে বিশ্বাস রক্ষা
দাম্পত্য জীবনের অন্যতম শক্ত ভিত্তি হলো পারস্পরিক আস্থা। একজন মানুষ যখন তার জীবনসঙ্গীর কাছে নিজের দুর্বলতা কিংবা ব্যক্তিগত কষ্টের কথা বলেন, তখন তিনি বিশ্বাস করেন এই কথাগুলো নিরাপদ থাকবে। সেই বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের মধ্যে গভীর দূরত্ব তৈরি হতে পারে। তাই জীবনসঙ্গীর কোনো ব্যক্তিগত কথা অন্যকে বলার আগে নিজেকে প্রশ্ন করা উচিত এটি প্রকাশ করা কি সত্যিই প্রয়োজন? এতে কি কোনো বৈধ সমস্যার সমাধান হবে? নাকি শুধু রাগ, অভিমান কিংবা নিজের অবস্থান প্রমাণ করার জন্য বলা হচ্ছে?
ইসলামের শিক্ষা হলো, স্বামী-স্ত্রী একে অপরের জন্য নিরাপত্তা ও আস্থার জায়গা হয়ে উঠবেন। তাই ভালোবাসার পাশাপাশি পরস্পরের সম্মান রক্ষা করা এবং ব্যক্তিগত বিষয় গোপন রাখাও একটি সুন্দর দাম্পত্যের গুরুত্বপূর্ণ অংশ।

