ঢাকা১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

admin
আগস্ট ১২, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১২ আগস্ট ২০২৬

আজ বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা। মুসলিম বিশ্বে দিনটি বিশেষ ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়। এ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ ছুটি প্রযোজ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের সব কলেজও আজ বন্ধ থাকবে।

‘আখেরি চাহার শোম্বা’ ফারসি শব্দ। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ সফর মাস এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার শোম্বা বলা হয়।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিকে সফর মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে মাসের শেষ বুধবার তিনি সাময়িকভাবে কিছুটা সুস্থতা অনুভব করেন। সেদিন গোসল করে কিছু পানাহার শেষে মসজিদে নববিতে গিয়ে নামাজের ইমামতি করেন।

এতে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত হন। এই সাময়িক সুস্থতার স্মরণে দিনটি মুসলমানদের মধ্যে শুকরিয়া ও ইবাদতের দিন হিসেবে পালনের প্রচলন রয়েছে।

তবে হাদিসের বর্ণনায় মহানবীর (সা.) অসুস্থতার বিভিন্ন ঘটনা বিস্তারিতভাবে এলেও নির্দিষ্ট দিন, তারিখ বা সময় উল্লেখ নেই। এ কারণে আখেরি চাহার শোম্বার ঐতিহাসিক ভিত্তি ও পালন-পদ্ধতি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।

বাংলাদেশে এ দিনটি সাধারণ সরকারি ছুটি নয়; এটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটির অন্তর্ভুক্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় দিনটি অন্তর্ভুক্ত থাকায় আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

দিনটি উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত, মিলাদ, ওয়াজ-নসিহত ও জিকির-আজকারের আয়োজন করা হয়। অনেকে নফল নামাজ আদায়, দান-খয়রাত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনটি পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।