অনলাইন ডেস্ক : পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার একা নয়, বরং প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সোমবার (৩ আগস্ট) এক বিশেষ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আজ আমি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণিপেশার মানুষকে স্পর্শ করে, সেটি হচ্ছে আমাদের পরিবেশ।
তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশ আর বর্তমান বাস্তবতার মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। এখন রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি গ্রামাঞ্চলের রাস্তাঘাট, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
প্রধানমন্ত্রী বলেন, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু বা আবর্জনা ছড়িয়ে থাকত, আপনার কাছে কি ভালো লাগত? নিশ্চয়ই না। আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারব না?
তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশায় কিংবা বাসে চলাচল করেন।

