ঠাকুরগাঁও (রাণীশংকৈল) প্রতিনিধি: আবরার ফাহিমঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মাত্র কয়েক সেকেন্ডের এই প্রাকৃতিক দুর্যোগে একই পরিবারের দুই সদস্যের অকাল প্রয়াণে পুরো এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।নিহতরা হলেন— মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে বাড়ির পাশে নিজেদের জমিতে পাট কাটার জন্য যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই মাঠের কাজ গোছানোর সময় আকস্মিক বজ্রপাত সরাসরি তাঁদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে দুজনেই গুরুতর দগ্ধ হয়ে মারা যান।পরবর্তীতে আশেপাশের কৃষকেরা মাঠে গিয়ে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। একসঙ্গে পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারানোর খবরে পরিবারটিতে চলছে মাতম। স্বজনদের আহাজারি আর কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে পাট কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে আনোয়ার প্রভু ও নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে স্থবিরতা নেমে এসেছে। এই ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দুর্যোগপূর্ণ আবহাওয়া বা আকাশে মেঘের ডাক শুনলে খোলা মাঠে না থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

