ঢাকা১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বৃষ্টি , ভোগান্তিতে পড়েছেন নগরবাসী

admin
জুলাই ১০, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

শুক্রবার সকালে থেকে রাজধানী ঢাকায় অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় টানা বর্ষণ হতে পারে। ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর এর প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে সংস্থাটি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরও বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে এই অবিরাম বৃষ্টির সবচেয়ে বড় প্রভাব পড়েছে রাজধানীর বাসিন্দাদের ওপর। তীব্র যানজট, গণপরিবহন সংকট এবং কিছু এলাকায় জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন নগরবাসী।

গণমাধ্যমকর্মী রোকসানা নূর বলেন, আমার অফিস সকাল ৮টায়। কিন্তু বৃষ্টির জন্য গণপরিবহন না পেয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত এসেছি। বাসের জন্য প্রায় ৪০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি। অল্প বেতনের চাকরি করি, ইচ্ছা করলেই সিএনজিতে চলাফেরা করতে পারব না। যত কষ্টই হোক, বাসেই যেতে হবে।

ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক শরিফ আহমেদ বলেন, আমার সংসারে পাঁচজন সদস্য। মোটরসাইকেলটিও কিস্তিতে কিনেছি, প্রতিদিন কিস্তি দিতে হয়। কিস্তির টাকা দেওয়ার পর যা আয় হয়, তাই দিয়ে সংসার চলে। কিন্তু বৃষ্টির কারণে তেমন আয় করতে পারিনি। সকাল থেকে বসে আছি, কোনো যাত্রী পাচ্ছি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।