ঢাকা৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত কাজের চাপে মাথাব্যথা? চা-কফির বদলে চুমুক দিন এই পানীয়তে

admin
জুলাই ৮, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
০৮ জুলাই ২০২৬

ব্যস্ত কর্মজীবনে দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ কিংবা শরীরে পানিশূন্যতার কারণে অনেকেই নিয়মিত মাথাব্যথায় ভোগেন। অনেকে বারবার চা বা কফি পান করেও কাঙ্ক্ষিত স্বস্তি পান না। এমন পরিস্থিতিতে ক্যাফিনের বদলে এক কাপ পুদিনা চা হতে পারে স্বাস্থ্যকর বিকল্প।

বিশেষজ্ঞদের মতে, পুদিনা পাতায় থাকা প্রাকৃতিক উপাদান শরীরকে সতেজ রাখার পাশাপাশি মাথাব্যথা কমানো, হজমে সহায়তা করা এবং মানসিক চাপ কমাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাথাব্যথা ও মাইগ্রেনে স্বস্তি

পুদিনায় থাকা মেনথল ও অন্যান্য সক্রিয় উপাদান রক্ত সঞ্চালন উন্নত করতে এবং পেশির টান কমাতে সাহায্য করে। ফলে সাধারণ মাথাব্যথা ও মাইগ্রেনের অস্বস্তি কিছুটা কমতে পারে। ক্যাফিনমুক্ত হওয়ায় এটি নিয়মিত পান করলেও অতিরিক্ত ক্যাফিন গ্রহণের ঝুঁকি থাকে না।

সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের অস্বস্তি কমাতে সহায়ক

ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি কিংবা নাক বন্ধের সমস্যায় গরম পুদিনা চা স্বস্তি দিতে পারে। এর উষ্ণ বাষ্প শ্বাসপ্রশ্বাস সহজ করতে সাহায্য করে। পাশাপাশি পুদিনার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য শ্বাসতন্ত্রের সংক্রমণের উপসর্গ কমাতেও ভূমিকা রাখতে পারে। সাইনাসের অস্বস্তিতেও এটি উপকারী বলে মনে করা হয়।

হজম ভালো রাখতে কার্যকর

খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, বদহজম কিংবা পেটব্যথার মতো সমস্যায় পুদিনা চা উপকারী হতে পারে। এতে থাকা মেনথল পরিপাকতন্ত্রের পেশিকে শিথিল করে, ফলে খাবার হজম সহজ হয়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস)-এ ভোগা অনেকের ক্ষেত্রেও এটি কিছুটা আরাম দিতে পারে।

মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে

পুদিনা প্রাকৃতিকভাবে মুখকে সতেজ রাখে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখগহ্বরে থাকা দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বৃদ্ধি কমাতে সহায়তা করে। ফলে নিঃশ্বাসে সতেজতা বজায় থাকে।

মানসিক চাপ কমিয়ে ঘুমে সহায়তা

দিন শেষে এক কাপ গরম পুদিনা চা শরীর ও মনকে প্রশান্ত করতে পারে। এতে ক্যাফিন না থাকায় ঘুমে ব্যাঘাতের আশঙ্কাও কম। পুদিনার প্রাকৃতিক সুগন্ধ স্নায়ুকে শান্ত করতে এবং শরীরের পেশি শিথিল করতে সাহায্য করে, যা মানসিক চাপ কমিয়ে আরামদায়ক ঘুমে সহায়ক হতে পারে।

যেভাবে তৈরি করবেন পুদিনা চা

এক কাপ ফুটন্ত পানিতে ৫ থেকে ৬টি তাজা পুদিনা পাতা হালকা থেঁতো করে দিন। তাজা পাতা না থাকলে এক চা-চামচ শুকনো পুদিনা পাতাও ব্যবহার করা যায়। ৫ থেকে ১০ মিনিট ঢেকে রেখে বা হালকা আঁচে ফুটিয়ে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে ইচ্ছা হলে সামান্য মধু কিংবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।