সত্য সমাচার ডিজিটাল: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে তারেক রহমান। আজ রোববার বিকেল পৌনে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ ছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মালয়েশিয়ায়। দুই দিনের এই সফর।’
আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিনী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রী ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন- পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম প্রমুখ।
এর আগে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, মালয়েশিয়া ও চীন রাষ্ট্রদূতগণসহ ঊধর্তন সরকারি কর্মকর্তারা।
গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হন তারেক রহমান।এর পাঁচ মাস পর বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান।

