অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সোনাই দিঘীর পশ্চিমপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রবাসী পরিবারের ৭ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী লায়েছ মিয়া (৪২), পিতা মৃত আতর আলী, গ্রাম- সোনাই দিঘীর পশ্চিমপাড়া (মধ্য অষ্টগ্রাম), অষ্টগ্রাম থানা, কিশোরগঞ্জ— এ ঘটনায় অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, একই এলাকার আমির আলী (৬০) ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১০ জুন ২০২৬ বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক লায়েছ মিয়ার বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা লায়েছ মিয়াসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে লায়েছ মিয়ার মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

