ঢাকা১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

admin
মে ১৫, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই জ্বালানি নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে এই সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট চুক্তিতে সই করেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটেই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরবরাহ ব্যবস্থা ও জ্বালানির প্রাপ্যতা টেকসই রাখার ক্ষেত্রে এই এমওইউ বাংলাদেশের প্রচেষ্টাকে শক্তিশালী করবে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্রও উন্মুক্ত করবে।

সমঝোতা স্মারকের আওতায় তেল, গ্যাস, তাপবিদ্যুৎ ও জৈব জ্বালানির ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পথও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্কের ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি নতুন মাইলফলক।’ তিনি এ উদ্যোগকে সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই এমওইউকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব অতীতেও গুরুত্বপূর্ণ সাফল্য এনেছে এবং ভবিষ্যতেও আরও বড় সুযোগ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন কোম্পানি এবং বাংলাদেশের শিল্প ও জনগণের জন্য জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।