ঢাকা১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ মাদ্রাসা সুপার আব্দুল গনী’র বিরুদ্ধে

admin
মে ১০, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে উল্লাপাড়ার রামনগর ইশাতুল উলুম দাখিল মাদ্রাসায় অনিয়ম করে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। মাদ্রাসা সুপার মোঃ আব্দুল গনী গঠনতন্ত্র উপেক্ষা করে আইন লঙ্ঘন করে পছন্দের লোকজন দ্বারা গত সোমবার (২০ এপ্রিল) একটি পকেট কমিটি গঠন করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনসহ ৪ টি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক অভিভাবক ।

অভিযোগ সূত্রে জানা যায়, কোন প্রকার নোটিশে আমাদেরকে অবহিত না করে সুপারিনটেনডেন্টসহ এলাকার কিছু স্বার্থান্বেষী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গোপনভাবে নিজেদের মনগড়া লোকদের নিয়ে ভূয়া ভোটার বানিয়ে কমিটি গঠন করেছেন।

অভিযোগে সেলিম প্রামাণিক জানান, মাদ্রাসার নিয়মিত কমিটি জন্য আমি মনোনয়ন ফরম সংগ্রহ করি কিন্তু আমি জমা দেইনি। অথচ আমার মনোনয়ন ফরম জমা দেখানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং প্রতারণার শামিল।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির নিয়মিত ছাত্রী মোছা: মরিয়ম খাতুনকে মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী দেখিয়ে তার পিতা আব্দুল আলিম আকন্দকে অভিভাবক সদস্য পদ দেয়ার পায়তারা করছিল পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। এছাড়াও অনেক প্রার্থীকে টাকার বিনিময়ে প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। কিছু ভোটার নির্বাচনের বিষয়ে অবগত নয়।
তথ্য সংগ্রহ শেষে এমন অনিয়মের ঘটনা যেন সংবাদপত্রে প্রচার না হয় এজন্য সাংবাদিকদের কমিটির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।

সরকারী বিধি না মেনে অবৈধভাবে এই কমিটি গঠন করায় অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারণে ভবিষ্যতে মাদ্রাসা আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

রামনগর ইশাতুল উলুম দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোঃ আমানত ব্যাপারী বলেন, আমার কাছে আজিজুল এসে বললো আপনাকে ১০ হাজার টাকা দিচ্ছি কমিটির করার জন্য একটা স্বাক্ষর দিতে হবে। তখন আমি বললাম আমি জীবনে টাকা নিয়ে স্বাক্ষর করিনি এখনো করবো না। পরের দিন আমি গোসল দিচ্ছি তখন মাদ্রাসা সুপার আব্দুল গনী আমার বাড়িতে এসে বলে রেডি হন উল্লাপাড়া যেয়ে একটা স্বাক্ষর দিতে হবে। আমি বললাম, শরীর ভালো না যেতে পারবো না। তখন আমাকে জোর করে ধরে উল্লাপাড়া নিয়ে যায়। উল্লাপাড়া গিয়ে দেখি সুপার এবং সাইদুলের পক্ষের লোকজন সব ঘোরাঘুরি করছে। আমি জিজ্ঞেস করেছি এতো লোকজন কেন? উত্তরে বলে গন্ডগোল যেন না হয় এজন্য এতো লোকজন এনেছি।

রামনগর ইশাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল গনী বলেন, একই ছাত্র দুই জায়গায় ভর্তি হতেই পারে। কমিটি গঠনে কোন অনিয়ম হয়নি।

উল্লাপাড়া উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মোসলিম উদ্দিন বলেন, ভুয়া ভোটার করে থাকলে সুপার করেছে। আমার এখানে নির্বাচন হয়েছে।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস বলেন, কমিটির ব্যাপারে অনিয়ম হলে বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে লিখিত ভাবে জানানো হবে।

সরেজমিনে তদন্তপূর্বক অবৈধ কমিটি বাতিল করত সরকারী বিধি মোতাবেক অত্র মাদ্রাসার কমিটি গঠন করে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে স্থানীয় অভিভাবক সদস্য ও স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।