সত্য সমাচার ডিজিটাল: হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন করা থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় হজযাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, হজ এজেন্সি বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্ত্রণালয়ের বার্তায় আরও জানানো হয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়াকোবাদ জানিয়েছেন, বহুবার সতর্ক করার পরও গত কয়েক বছরে সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সতর্ক করে বলেন, কোনো হজযাত্রীর কাছে সৌদি আরবে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির বিদ্যমান আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমনকি তিনি হজ করার সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন।

