সত্য সমাচার ডিজিটাল:
৫ ডিসেম্বর ২০২৪
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধানের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী সোমবার ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধান উপদেষ্টার এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
রফিকুল আলম বলেন, ৯ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত এবং ইইউর রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন। ইইউর সব সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তোরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যত বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।
রফিকুল আলম বলেন, বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস হতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস হতে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এ প্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস হতে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে সম্মত হয়েছে। বাংলাদেশের অনুরোধে কাজাখস্তান সরকারও বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদানে সম্মত হয়েছেন। এছাড়া চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, জানুয়ারি ২০২৫ থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী।

