ঢাকা৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আহমেদাবাদে খেলা ফাইনাল

admin
মার্চ ৮, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক
০৮ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ব্লকবাস্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। তৃতীয়বারের মতো শিরোপা জিতে বিশ্ব রেকর্ড গড়তে চায় টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বোচ্চ দুবার করে শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

অন্যদিকে দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা নিউজিল্যান্ডের লক্ষ্য- প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বে চার ম্যাচের সব এবং সুপার এইট পর্বে তিন ম্যাচ খেলে ২টিতে জয় পায় ভারত। সুপার এইটে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে নাম খেলায় টিম ইন্ডিয়া। সেমিতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে ভারত।

মুম্বাইয়ে সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত। দলের হয়ে ৮টি চার ও ৭টি ছক্কায় সর্বোচ্চ ৮৯ রান করেন ওপেনার সঞ্জু স্যামসন। জবাবে জ্যাকব বেথেলের অসাধারণ সেঞ্চুরিতে দুর্দান্ত লড়াই করে ম্যাচ হারে ইংল্যান্ড। ৭ উইকেটে ২৪৬ রান তুলে ইংলিশরা। ৮টি চার ও ৭টি ছক্কায় ৪৮ বলে ১০৫ রান করেন বেথেল।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে টিম ইন্ডিয়া। ২০১৪ সালেও শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু ফাইনালে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে যায় তারা। এরপর দশ বছর পর গেল বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। কিন্তু ওই ফাইনালে আর ভুল করেনি তারা। ওয়েস্ট ইন্ডিজের মাঠ ব্রিজটাউনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড স্পর্শ করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে এবং ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে শিরোপার স্বাদ নিয়েছিল।

এবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড করার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। এমন সুযোগ হাতছাড়া করতে চান না ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘আমাদের সামনে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের সেরা সুযোগ। এই সুযাগ আমরা হাতছাড়া করতে চাই না। দলের সবাই শিরোপা নিয়ে ঘরে ফিরতে মরিয়া। দল হিসেবে আমরা এখন পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছি। পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং ফাইনালে আরও একবার নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।’

চলতি বিশ্বকাপের আগে মাত্র একবার ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২০২১ সালে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে নিউজিল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার স্মৃতিকে অবিস্মরণীয় করে রাখতে চায় কিউইরা। কারণ এখন অবধি সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপের দশম আসরে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে মরিয়া নিউজিল্যান্ড। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘আমরা এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারিনি, এটা খুবই হতাশার। তবে এবার আমরা শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে চাই এবং শিরোপা জিততে না পারার বন্ধ্যত্ব ঘোচাতে চাই। তবে ফাইনাল সহজ হবে না। ভারতের বিপক্ষে তাদেরই কন্ডিশনে যে কোনো ম্যাচ খেলাই চ্যালেঞ্জিং। তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে ফাইনাল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব।’ গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে সুপার এইটে উঠে নিউজিল্যান্ড। সুপার এইটে ৩ ম্যাচ খেলে ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট পায় তারা। একই চিত্র ছিল পাকিস্তানেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলতে নেমে কাগজের হিসাব-নিকাশ পাল্টে দেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় কিউইরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।