সত্য সমাচার ডিজিটাল
আজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে মিলেছে দেশের রাজনীতিতে পরিবর্তনের নতুন প্রত্যাশা। ফাল্গুন যেমনি করে সব জীর্ণতা মুছে নতুন করে আবার প্রকৃতিকে সাজিয়ে তোলে, ঠিক তেমনি সদ্য বিজয়ী দল বিএনপির কাছে দেশের মানুষের তেমনি আশা। সব মিলিয়ে প্রকৃতি ও রাজনৈতিক এই মেলবন্ধনে মানুষের হৃদয়ে জেগেছে নতুন আবেগের ঢেউ। শীতের জীর্ণতা ছাপিয়ে প্রকৃতি আজ থেকেই সাজবে নতুন রঙে, কচি পাতার সবুজে, ফুলের উজ্জ্বলতা ও নতুন প্রাণের উচ্ছ্বাসে। চারপাশে তাই জেগে উঠেছে নবজাগরণের আগমনী বার্তা ও নতুনের আভাস।
দীর্ঘ শীতের ক্লান্তির পর যেমন প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়, তেমনি মানুষের মনেও জেগেছে পরিবর্তনের আশা।
বসন্ত মানেই পুনর্জন্ম, মানেই নতুন সম্ভাবনার সূচনা। পহেলা ফাল্গুনের এই মাহেন্দ্রক্ষণে প্রকৃতিজগতের মতো দেশের রাজনীতিতেও বইছে নতুন হাওয়ার ইঙ্গিত। দিনটি শুধু ঋতুর শুরু নয়, হয়ে উঠেছে ভালোবাসা ও আশার প্রতীক।
সদ্য বিজয়ী দলের প্রতি দেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এখন দায়িত্ব ও বাস্তব পরিবর্তনের প্রত্যাশায় রূপ নিয়েছে। জনগণ চায় নতুন নেতৃত্ব দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, স্থিতিশীলতা ও উন্নয়নের ফুল ফুটবে। যেমন শুকনো ডালে হঠাৎ ফুটে ওঠা কুঁড়ি ভবিষ্যতের বার্তা দেয়, তেমনি মানুষের আশা নতুন সরকারের মাধ্যমে দেশের প্রতিটি খাতে বাস্তব রূপ পাবে।
রাজনীতির এই নতুন অধ্যায়কে অনেকে বসন্তের আগমনের সঙ্গে তুলনা করছেন। বসন্ত ধীরে আসে, কিন্তু তার ছোঁয়ায় সবকিছু বদলে যায়। ঠিক তেমনই জনগণের প্রত্যাশা, নতুন নেতৃত্বের প্রয়াসে দেশের রাজনীতি ও সমাজের প্রতিটি কোণে পরিবর্তনের আলো ছড়িয়ে দেবে।

