ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই মাসুদ বাদল জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এদিকে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।