বিনোদন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৪
দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন সংগীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। তারকা দম্পতির বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দেন এ আর রহমানের ব্যান্ডের গিটারিস্ট মোহিনী দে।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জোর আলোচনা। সকলেই দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েন। রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।
এমন অবস্থায় সুরকারের হয়ে তার পাশে দাঁড়ান সন্তানরা। এবার গর্জে উঠলেন এ আর রহমান নিজেই। একদম সময়সীমা বেঁধে দিলেন তিনি। মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিলেন অস্কারজয়ী সংগীতশিল্পী।
সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েকপাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে।
যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

