
বিগত স্বৈরাচারী সরকার ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে। এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।’
তিনি বলেন, ‘এ দেশের কোটি কোটি মানুষ আজ জাতি-ধর্ম নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তারা এমনভাবে জীবনযাপন করবে, যাতে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করা লাগবে না। বিগত স্বৈরাচারী সরকার ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা সেতু তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন। অথচ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকায় ১০০টি পদ্মা ব্রিজ নির্মাণ করা যেত।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। তবে একটি অপবাদ দিতে পারেননি যে, শহিদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন। আমাদের সমাজ দুর্নীতিমুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নত করতে পারব না।’
সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.