সত্য সমাচার ডিজিটাল
আগস্ট ২৭, ২০২৬
চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে কমিশন। তবে পরিস্থিতিভেদে তফসিল অক্টোবরে গড়ালেও চলতি বছরের শেষ দিকে প্রথম ধাপের ভোটগ্রহণ করতে চায় ইসি।
বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীন।
সিইসি জানান, সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের বিষয়টি মাথায় রেখেই কমিশনকে ভোটের দিনক্ষণ ঠিক করতে হচ্ছে। নভেম্বরে বার্ষিক পরীক্ষা না রেখে অন্য সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে। এতে করে আগামী ডিসেম্বর মাস থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করা সম্ভব হবে।
নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। কেনাকাটা বা প্রকিউরমেন্ট সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক আয়োজিত হবে। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের সুবিধা থাকবে বলেও তিনি জানান।
রাষ্ট্রপতির সাথে বৈঠকের প্রসঙ্গে সিইসি বলেন, প্রায় ৪০ মিনিটের বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিতে রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি এতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করার বিষয়ে তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.