
সৌদি আরবের অনুরোধে দেশটিকে সীমিত সময়ের জন্য প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সোমবার এ তথ্য জানিয়েছেন। তার দাবি, এই সহায়তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সৌদি আরবের পক্ষ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে তিনি তা অনুমোদন করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বার্নহ্যাম বলেন, ‘সৌদি আরবের রাজপরিবারের পক্ষ থেকে আমরা সামরিক সহায়তার অনুরোধ পেয়েছি। প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে গত রাতে আমি প্রতিরক্ষামূলক আকাশ থেকে আকাশে জ্বালানি সরবরাহের ওই অনুরোধ অনুমোদন করেছি।’
তিনি বলেন, সৌদি আরব হামলার মুখে রয়েছে। তাই ‘যোগাযোগের পথগুলো খোলা রাখা’ প্রয়োজন এবং সে কারণেই ব্রিটেন এই অনুরোধে সাড়া দিয়েছে।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো নিয়ন্ত্রণকারী হুতিদের হামলা সৌদি আরবের ওপর বাড়তে থাকায় রিয়াদ ব্রিটেনের কাছে এই সহায়তা চেয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া বৃহত্তর সংঘাতের মধ্যে সৌদি আরবকে ঘিরে উত্তেজনা নতুন একটি ফ্রন্ট তৈরি করেছে।
দীর্ঘদিন ধরেই ব্রিটেন ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। সৌদি আরবের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারীও ব্রিটেন।
এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে চলতি বছরের শুরুতে দেশটিতে ‘স্কাই সাবর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল ব্রিটেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের সময় এই ব্যবস্থা মোতায়েন করা হয়।
নতুন সহায়তার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে একটি ‘ভয়েজার’ সামরিক উড়োজাহাজ সৌদি আরবে পাঠাবে ব্রিটেন। বিমানটি আকাশে থাকা যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহে সহায়তা করবে।
বার্নহ্যাম জানান, সৌদি আরবকে দেওয়া এই সহায়তা একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় তা নিয়মিত পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ব্রিটেন ‘নিজের ভূমিকা পালন করছে’। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রচেষ্টাতেও ব্রিটেন সহায়তা করছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.