সত্য সমাচার ডেস্ক:
আগস্ট ২৩, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২৯ সেপ্টেম্বর বা এর কাছাকাছি সময়ে তিনি নিউইয়র্কে অবস্থান করতে পারেন বলে রোববার নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ সফরে সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এতে সভাপতিত্ব করবেন সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।
অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সফরকালে কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

