প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৫, ৪:২৭ অপরাহ্ণ
সেই রিকশাচালককে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।
আজ রবিবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলছে, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর হত্যাচেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন। রবিবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
এদিন আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান।