এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।
২৫ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে মঙ্গলবার থেকে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা শূরু হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বী তীর্থ যাত্রীদের তিন দিনের এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, শ্রীলঙ্কা,নেপাল ও লন্ডনসহ বিভিন্ন রাষ্ট্র থেকে আগত প্রায় ১০লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়ে থাকে।
বঙ্গোপসাগরের শাখা সন্দ্বীপ চ্যানেলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধাম দর্শন করাই তীর্থযাত্রীদের মূল লক্ষ্য। প্রতি বছর শিব চতুর্দশীতে এ মন্দির পরিক্রমায় কষ্টের আঁকাবাকা পাহাড়ি পথে প্রায় সাড়ে ১৩০০ সিড়ি পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠে পুণ্যার্থীরা। মেলায় চতুর্দশী তিথিতে পূর্ব পুরুষদের নামে ব্যাসকুন্ডে স্নান-তর্পন,গয়াকুন্ডে পিন্ডদান করেন তীর্থযাত্রীরা।এছাড়া সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন তীর্থযাত্রীরা । যার মধ্যে অন্যতম সীতাকুন্ডের বাডবকুণ্ড, যেখানে প্রতিনিয়ত বিরামহীন আগুন জ্বলে এবং বারৈয়াঢালা লবনাক্ষ মন্দির, যেটিতে হাতের তালিতে লবণ বা বরফের মতো সাদা পদার্থ ঝরে বলে জানা যায়।স্রাইন কমিটির যুগ্ন-সম্পাদক সুব্রত চক্রবর্তী সুমিত্র বলেন, মেলায় আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ১০২ টি সি সি ক্যামেরা বসানো হয়েছে। শিবচতুর্দশী মেলা উপলক্ষে মঠ-মন্দির ও মেলাকে ঘিরে বসা সকল দোকানে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। মাইকের পরিবর্তে তাদের সাউন্ড বক্সের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নামাজ ও আজানের সময় সাউন্ড বক্স ও বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়াও প্যান্ডেল নির্মাণ করে মেলায় আগত সনাতনী পূর্ণার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন,এবারের মেলাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। মেলাকে শান্তিপূর্ণভাবে শেষ করতে গতবারের তুলনায় এবার ২০০ পুলিশ সদস্য বাড়িয়ে ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

