সীতাকুণ্ড প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এস এ গ্রুপ অব কোম্পানির বিরুদ্ধে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পানি(মুসকান ওয়াটার) গুদামজাত ও সংরক্ষণ করার অভিযোগ উঠেছে
‘বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন,২০১৩’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ অনুযায়ী যে কোনো পানীয় বা খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা বাধ্যতামূলক।তবে বিদ্যমান আইন-কানুনকে তোয়াক্কা না করে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বালু রাস্তা সংলগ্ন এলাকায় গড়ে তোলা গোডাউনে নিয়মবহির্ভূতভাবে পণ্য সংরক্ষণ করছে এ প্রতিষ্ঠানটি।স্বাস্থ্যবিধি না মেনে এভাবে পানি সংরক্ষণের ফলে সাধারণ ভোক্তারা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিশেষজ্ঞদের মতে, স্যাঁতসেঁতে ও নোংরা জায়গায় বোতলজাত পানীয় রাখলে বোতলের উপরিভাগে ধূলিকণা ও ক্ষতিকর জীবাণু জমা হয়, যা পরবর্তীতে মানবদেহে প্রবেশের মাধ্যমে বিভিন্ন রোগব্যাধি ছড়াতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে অস্বাস্থ্যকর পরিবেশে পানির বোতল সংরক্ষণের বিষয়টি অস্বীকার করেছেন এস এ গ্রুপ অব কোম্পানির বেভারেজ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ওসমান গণি। তিনি বলেন, "আমাদের গোডাউনে এ ধরনের কোনো নোংরা পরিবেশ নেই। চাইলে আপনি সরেজমিনে এসে তা পরিদর্শন করে দেখতে পারেন।"
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.