ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

admin
জানুয়ারি ৩১, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫,

রংপুর নগরী থেকে গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার সকালে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রাণী রায় এ রিমান্ড আদেশ দেন।

এর আগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিপক্ষে আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে অংশ নেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, ‘গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক এ মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছিল। আজ শুক্রবার রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলা হয় তাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।