সত্য সমাচার ডেস্ক:
০৬ অক্টোবর ২০২৬
সরকারের প্রতিটি কাজের অন্ধ বিরোধিতা না করে, যেকোনো জনকল্যাণমূলক ও ভালো কাজে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিটিএমএ প্রতিনিধি দলের কাছে এই আশাবাদ ও দলের অবস্থান ব্যক্ত করেছেন। জামায়াত সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সরকারের যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমুখী পদক্ষেপে দলের সমর্থন ও সহযোগিতা থাকবে। তবে দেশের স্বার্থবিরোধী কিংবা জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জামায়াতে ইসলামী তার তীব্র বিরোধিতা করবে। বৈঠকে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পুরো মেয়াদ শেষ না হলে কোনো সরকারের মূল্যায়ন পুরোপুরি করা যায় না—এটি আমরা জানি। তবে সাত মাসও খুব কম সময় নয়। এই সাত মাসের সার্বিক মূল্যায়নে আমরা বলতে পারি, সরকার মোটাদাগে ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে। তবে দেশ ও জনগণের স্বার্থে জামায়াতে ইসলামী বর্তমান সরকারকে ব্যর্থ হিসেবে দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.