অনলাইন ডেস্ক
সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্ত দপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ প্রদান করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাপ্তরিক কর্মসূচিতে (যেমন—সেমিনার, প্রশিক্ষণ বা ব্যাংক-হাসপাতালে গমন) অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক গতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে।
এই পরিস্থিতি এড়াতেই নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয়, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

