সত্য সমাচার ডিজিটাল
১৬ জানুয়ারি ২০২৫,
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওই দিন আমাদের অনুভূতি ছিল একতার অনুভূতি। তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে। যাতে কেউ বলতে না পারে, তুমি অমুক, তুমি তমুক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সবাইকে একসঙ্গে দেখলে এই সরকার নতুন উদ্যম পায়, নতুন প্রাণের সঞ্চার হয়।
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটার সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই। তখন একটু দুর্বল মনে হয়। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি, তখন মনের সাহস বাড়ে; আমরা তো একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি।’
‘মাঝখানে এক দিন ছাত্ররা এসে বললো যে, তারা একটা ঘোষণাপত্র দেবে। আমাকেও সেখানে থাকতে হবে। বুঝতে চাইলাম কী ঘোষণাপত্র, তারা বললো। আমি বললাম, এটা হবে না। আমার চাওয়াটা হবে না, তোমাদের চাওয়াটাও হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও, সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই তুমি অমুক, তুমি তমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়েই করতে হবে। এটা পরিষ্কার। না করলে এটা ঠিক হবে না।’

